সর্বশেষ

দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত

A7ProbashircityWebPopupUpdate

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের অন্যতম আকর্ষণ ও বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে দুবাইয়ে ব্যাপক ঝড়বৃষ্টির সময় বিশালাকার এই বজ্রপাত ভবনটিতে আঘাত হানে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বজ্রপাতে ভবনটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সেই মুহূর্তের একটি রোমাঞ্চকর ভিডিও ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি ও শারজাহসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। ২০১০ সালে উদ্বোধন করা ১৬৩ তলাবিশিষ্ট আইকনিক এই ভবনের উচ্চতা ২ হাজার ৭৭২ ফুট। আশপাশে সমান বা এর চেয়ে বেশি উচ্চতার আর কোনো ভবন না থাকায় স্বাভাবিকভাবেই প্রবল ঝড়বৃষ্টির সময় বুর্জ খলিফা বজ্রপাতের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এত বিশাল বজ্রপাতের পরও বুর্জ খলিফা সম্পূর্ণ অক্ষত থাকার মূল রহস্য লুকিয়ে আছে এর অত্যাধুনিক অবকাঠামোগত নির্মাণকৌশলে। ভবনটির মূল কাঠামো অত্যন্ত দৃঢ় ও উন্নত মানের ইস্পাতে তৈরি। এ ছাড়া বুর্জ খলিফার একেবারে চূড়ায় একটি শক্তিশালী লাইটনিং রড বা বজ্রপাত নিরোধক দণ্ড বসানো আছে, যার সংযোগ টানা হয়েছে একেবারে মাটির নিচ পর্যন্ত। ফলে বজ্রপাত হলে তা সরাসরি ওই রডে আঘাত করে এবং মুহূর্তেই বিদ্যুৎ নিরাপদে মাটিতে নেমে যায়, যা ভবনটিকে যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে।

দুবাইয়ের প্রখ্যাত রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ হচ্ছে এই সুবিশাল ভবনের মালিকানা প্রতিষ্ঠান। জানা গেছে, ভবনটির সুরক্ষায় ১৫০ কোটি মার্কিন ডলারের বিশাল অঙ্কের বিমা করা রয়েছে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ ও ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ অবজারভেশন ডেস্ক। প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকে দুবাইয়ে বেড়াতে যাওয়া লাখো পর্যটকের অন্যতম প্রধান আকর্ষণ থাকে আকাশচুম্বী এই ভবনটি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate