সর্বশেষ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

Uae 1Probashir city Popup 19 03

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। গতকাল রোববার রাজধানী আবুধাবিসহ দেশটির বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তির মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

রোববার আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ও কৃত্রিম (এআই) ভিডিও কনটেন্ট ছড়ানোর সুস্পষ্ট অভিযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি চালানোর পর তাঁদের আইনের আওতায় আনা হয়। মূলত জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা উসকে দেওয়া এবং দেশের সাধারণ স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই তাঁরা এসব অপপ্রচার চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আমিরাতের সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজকে দেওয়া এক বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি কৃত্রিম ভুয়া ভিডিও আপলোড করতেন। আমিরাত সরকার মনে করে, এ ধরনের কর্মকাণ্ড শুধু সামাজিক স্থিতিশীলতাই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি।

সংযুক্ত আরব আমিরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। দেশটির সাইবার আইন ও দণ্ডবিধি অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অপরাধ আদালতে প্রমাণিত হলে তাঁর কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার কঠোর বিধান রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03