সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবাসরত প্রবাসী অনিল কুমার বোল্লা রাতারাতি কোটিপতিতে পরিণত হয়েছেন। মাত্র ২৯ বছর বয়সে তিনি জিতেছেন লটারির ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার—১০০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪০ কোটি টাকা সমমূল্যের। গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত ‘লাকি ডে ড্র’-এর ২৩তম পর্বে এই বিপুল অর্থের লটারি জেতেন অনিল, যা সংযুক্ত আরব আমিরাতের লটারি ইতিহাসে প্রথম।
লটারি কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনিলের হাতে তুলে দেওয়া হচ্ছে বিজয়ী চেক, আর চারপাশে সোনালি কনফেটি উড়ছে। পোস্টে উল্লেখ করা হয়, “আজকের দিনটি অনিলের জীবন বদলে দিয়েছে।” অনিল জানান, কোনো কৌশল নয়, সম্পূর্ণ কাকতালীয়ভাবেই তিনি টিকিটটি কিনেছিলেন। তবে শেষ নম্বরটি বেছে নিয়েছিলেন মায়ের জন্মতারিখ থেকে—যেটিই শেষ পর্যন্ত হয়ে ওঠে তাঁর ‘লাকি নম্বর’।
পুরস্কার জেতার খবর শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনিল। তিনি বলেন, “আমি সোফায় বসে ছিলাম, হঠাৎ শুনলাম—আমি ২৪০ কোটি টাকা জিতেছি! মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারিনি।” তবে অবিশ্বাস কাটতেই আনন্দে ভরে ওঠে তাঁর মন।
আরও
এই বিপুল অর্থ কীভাবে ব্যয় করবেন, সেটাও ভেবে রেখেছেন অনিল। তাঁর ভাষায়, “আমি টাকাটা বুঝে শুনে বিনিয়োগ করতে চাই, যাতে জীবনে বড় কিছু করতে পারি।” পাশাপাশি, বিলাসিতার স্বপ্নও তাঁর আছে। তিনি জানান, একটি সুপারকার কেনা ও পরিবারের সঙ্গে সাততারা হোটেলে এই জয় উদযাপন করাই তাঁর ইচ্ছা।
From anticipation to celebration, this is the reveal that changed everything!
Anilkumar Bolla takes home AED 100 Million! A Lucky Day we’ll never forget. 🏆For Anilkumar, Oct. 18 wasn’t just another day, it was the day that changed everything.
A life transformed, and a reminder… pic.twitter.com/uzCtR38eNE— The UAE Lottery (@theuaelottery) October 27, 2025
তবে সবচেয়ে বড় ইচ্ছে, পরিবারকে আবুধাবিতে নিয়ে এসে একসঙ্গে থাকা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, জেতা অর্থের একটি অংশ দান করবেন মানবিক কাজের জন্য। লটারি না জেতা মানুষদের উদ্দেশে অনিলের পরামর্শ—“ধৈর্য ধরুন, একদিন না একদিন ভাগ্য আপনাকেও ছুঁয়ে যাবে।” এই জয়ের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অনিল বলেন, “এই লটারি আমার জীবন বদলে দিয়েছে, আমি চাই এটি আরও অনেকের মুখে হাসি ফোটাক।











