সর্বশেষ

হুতিদের ঘাঁটিতে আবারও সৌদির আকস্মিক বিমান হামলা

Befunky collageWeb Popup (3)

ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকারি বাহিনী। এই হামলায় হুতিদের অস্ত্র ও যানবাহন ধ্বংসের পাশাপাশি বহু যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। শনিবার (১২ সেপ্টেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি এই হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোখা বন্দর ও শহরের জায়েদ আল-খারজ শপিং মলের কাছে হুতিদের অবস্থান লক্ষ্য করে সফল হামলা চালানো হয়। এতে গোষ্ঠীটির বেশ কয়েকটি যানবাহন ও বিপুল অস্ত্রশস্ত্র ধ্বংস হওয়ার পাশাপাশি অনেক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া মোখার পানি প্রকল্পের প্রশাসন কার্যালয়ের পাশে এবং শহর থেকে ১১ কিলোমিটার দূরে মোখা-ধুবাব সড়কের একটি পশু কোয়ারেন্টিন কেন্দ্রে জড়ো হওয়া হুতি যোদ্ধাদের ওপরও বিমান হামলা চালানো হয়েছে।

মুখপাত্র আল-নুজাইলি আরও জানান, মোখার উত্তর দিকের রিং রোডে এক সাবেক সামরিক নেতার কার্যালয়ে সমবেত হুতি সদস্যদেরও নির্মূল করা হয়েছে। তবে এসব হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি। উল্লেখ্য, ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকে সরকারি বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী যুদ্ধ চলছে। ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, ২০২৩ সালের শেষের দিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা লোহিত সাগর ও ইসরায়েলে হামলা চালিয়ে নতুন করে আলোচনায় আসে। সাম্প্রতিক এই বিমান হামলার পর ইয়েমেনে আবারও পূর্ণমাত্রার সংঘাত ফিরে আসার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup