সৌদি আরবের পূর্বাঞ্চলে তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলার ঘটনার পর দেশটির প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং বেশ কয়েকটি আরব দেশ। একই সঙ্গে ইরাকে সৌদি আরবের হামলার পক্ষেও নিজেদের অবস্থান ব্যক্ত করেছে তারা। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, সদস্যরাষ্ট্রগুলো সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রিয়াদের নেওয়া সব ধরনের পদক্ষেপের পাশে রয়েছে। ইরান–সমর্থিত ইরাকি মিলিশিয়াদের এই ড্রোন হামলাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
এদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার প্রয়োগে সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটি। পাশাপাশি কাতারও সৌদি আরবের সার্বিক নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নেওয়া সব বৈধ পদক্ষেপের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে।
আরও
অন্যদিকে বাহরাইন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব যে ধরনের জবাবি পদক্ষেপই গ্রহণ করুক না কেন, তারা রিয়াদের পাশেই থাকবে। একই সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ড্রোনগুলো সফলভাবে ভূপাতিত করতে পারায় সৌদি বিমান প্রতিরক্ষাব্যবস্থার ভূয়সী প্রশংসাও করেছে দেশটি।








