গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে শাসনক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব, মিসরসহ ১৭টি দেশ। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে এসব দেশ হামাসকে অস্ত্র সমর্পণের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ জানায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান সংঘাত বন্ধে এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে হামাসের উচিত শাসন থেকে সরে দাঁড়ানো। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলারও নিন্দা জানানো হয়েছে এতে। উল্লেখ্য, এ হামলার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে এখনো কোনো নিন্দা প্রস্তাব উত্থাপিত হয়নি।
এই বিবৃতিকে ‘ঐতিহাসিক’ ও ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারট। তিনি বলেন, “এই প্রথমবারের মতো আরব বিশ্ব একসঙ্গে হামাসের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।”
আরও
জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসও এই আলোচনায় অংশ নেন। তিনি বলেন, “দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এখন আগের যেকোনো সময়ের তুলনায় বাস্তবতার কাছাকাছি।”
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে তাঁর দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্যও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার জানান, ইসরায়েল নির্ধারিত কিছু শর্ত পূরণ না করলে যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।











