ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৬ জুলাই) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, লোহিত সাগরের উপকূলীয় এলাকা হোদেইদাহ, রাস-ইসা ও আস-সালিফ বন্দরের পাশাপাশি রাস কাথিব বিদ্যুৎকেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে আরও জানানো হয়, হুদেইদাহ বন্দরে নোঙর করা ‘গ্যালাক্সি লিডারশিপ’ নামের একটি জাহাজে হুতিদের দখলে থাকা রাডার সিস্টেমেও হামলা চালানো হয়। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এটি গত এক মাসের মধ্যে ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর প্রথম উল্লেখযোগ্য অভিযান। একই দিনে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতেরও দাবি করেছে ইসরায়েল।
আরও
হুতি গোষ্ঠীর পক্ষ থেকেও হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।


ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, হুতিরা দিনের শেষে আরও দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। তবে এই হামলাগুলোতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় দেশটির জরুরি পরিষেবা বিভাগ।
এই হামলা-পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইসরায়েল-হুতি সংঘর্ষের ফলে অঞ্চলজুড়ে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।










