উত্তর ইরানের মাজান্দারান প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে লৌহ যুগের একটি নারীর কঙ্কাল আবিষ্কৃত হয়েছে, যা প্রায় ৩২০০ বছর আগের বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিক দলের মতে, বাবোল কাউন্টির কামি-কোলা গ্রামের কাছের শাহনে-পোশত এলাকায় এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি পাওয়া গেছে।
এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের গুরুত্ব অপরিসীম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকরা। প্রাপ্ত কঙ্কালটি বর্তমানে সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়েছে বাবোল জাদুঘরে। গবেষকরা বলছেন, এটি সাম্প্রতিককালের অন্যতম উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক সাফল্য।
তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসান ফাজেলি নাশলি জানান, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিচালিত একটি দীর্ঘমেয়াদি খনন প্রকল্পের অংশ হিসেবেই এই কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। তিনি জানান, মূলত কালেহ বন ও শাহনে-পোশত এলাকাজুড়ে খনন কার্যক্রম চালিয়ে মোট ১৬টি লৌহ যুগীয় সমাধিক্ষেত্র শনাক্ত করা হয়েছে।
আরও
ড. ফাজেলি আরও জানান, “এই কবরস্থানটি উত্তর ইরানের অন্যতম বিস্তৃত ও সমৃদ্ধ লৌহ যুগের নিদর্শন। এর বিশালতা এবং কঙ্কালের ঘনত্ব একে এককভাবে বিশেষ করে তুলেছে।” তাঁর ভাষায়, এটি উত্তর ইরানের প্রাচীন সমাজব্যবস্থা, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সাহায্য করবে।
খনন কার্যক্রমে মোট ৬১টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩১টি উদ্ধার হয়েছে বৈজ্ঞানিক খননের মাধ্যমে এবং বাকিগুলি অবৈধ খননের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার উত্তর ইরানের প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক ধারার ওপর নতুন আলো ফেলবে।









