সর্বশেষ

পারস্য উপসাগরের নাম পরিবর্তন করতে চান ট্রাম্প!

পারস্য উপসাগরের নাম পরিবর্তন করতে চান ট্রাম্প!Web Popup (3)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংলগ্ন পারস্য উপসাগরের নাম পরিবর্তনের ঘোষণা দিতে পারেন বলে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি এই ঘোষণা দিতে পারেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ট্রাম্প বলেছেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি পারস্য উপসাগরকে যুক্তরাষ্ট্র কীভাবে উল্লেখ করবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যে তার প্রথম সফরে স্বাগতিক দেশগুলো জলপথটির নাম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইবে। উপসাগরটির নাম পরিবর্তনের ঘোষণা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, এ বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে।

মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ট্রাম্পের এই মন্তব্য আসে। খবরে বলা হয়, মে মাসের মাঝামাঝি সফরে ট্রাম্প ঘোষণা করতে পারেন যে যুক্তরাষ্ট্র এখন থেকে জলপথটিকে ‘আরব উপসাগর’ নামে উল্লেখ করবে। এই জলপথের নাম নিয়ে আরব দেশগুলো ও ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে উত্তেজনা রয়েছে।

ইরানের যুক্তি, ঐতিহাসিক প্রমাণ ও প্রাচীন মানচিত্র অনুযায়ী ‘পারস্য উপসাগর’ নামটিই সঠিক। অন্যদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো ‘আরব উপসাগর’ বা কেবল ‘উপসাগর’ শব্দটি ব্যবহার করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তনের সম্ভাব্য পদক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এটি ইরান ও দেশটির জনগণের প্রতি বৈরী মনোভাবের পরিচায়ক। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এমন পদক্ষেপ ‘ইরানিদের মধ্যে ক্ষোভ জাগিয়ে তুলবে’।

এর আগে, প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম দিকের একটি পদক্ষেপে ট্রাম্প মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup