সংযুক্ত আরব আমিরাতে এক নাবালিকা মেয়েকে অশ্লীল ছবি প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগে দুবাইয়ের একটি আদালত একজন এশীয় নাগরিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। আল খালিজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, স্ন্যাপচ্যাটে ওই কিশোরীর সঙ্গে যোগাযোগের পর সে ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল।
রায়ে আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এর সব তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্ধারিত সাজা ভোগ শেষে তাকে দেশ থেকে বহিষ্কার করারও আদেশ দেওয়া হয়েছে। আদালত বলছে, অভিযুক্তের কর্মকাণ্ড নাবালিকা শোষণ, অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহার এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের শামিল।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী এশীয় বংশোদ্ভূত ওই কিশোরী এপ্রিলে দুবাই পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি জানান, স্ন্যাপচ্যাটে কথোপকথনের সময় তিনি অভিযুক্তকে যে ব্যক্তিগত ছবি পাঠিয়েছিলেন, সেগুলো প্রকাশ করার হুমকি দেওয়া হয়। মেয়েটি যোগাযোগ বন্ধ করে দিলে অভিযুক্ত আরও ছবি না দিলে অনলাইনে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারকে পাঠানোর হুমকি দেয়।
আরও
দুবাই পুলিশের একজন কর্মকর্তা জানান, সাইবারক্রাইম বিভাগের একটি বিশেষ দল প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। তল্লাশিতে তার কাছ থেকে একটি ডিভিডি উদ্ধার করা হয়, যাতে ভুক্তভোগীসহ একাধিক মেয়ের স্পর্শকাতর ভিডিও পাওয়া যায়। মোবাইল ফোনেও একই ধরনের ছবি ও ক্লিপ মজুত ছিল।
ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে আরও উঠে আসে যে অভিযুক্ত বিভিন্ন মেয়ের কাছে ভয়ভীতি দেখিয়ে ব্যক্তিগত ছবি চাইতেন এবং দাবি পূরণ না করলে তা ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। আদালত এসব প্রমাণকে যথেষ্ট বলেই মনে করে তাকে দণ্ড প্রদান করে।











