সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিরল গোলাপি হীরার চুরির ঘটনার পর মাত্র আট ঘণ্টার মধ্যে তিন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ‘ফ্যান্সি ইনটেনস’ নামে পরিচিত এই ২১ ক্যারেটের হীরার মূল্য প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০৩ কোটি টাকার বেশি।
দুবাই পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিনজনই প্রবাসী। তবে তাদের দেশের নাগরিকত্ব সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরে তারা এই চুরির পরিকল্পনা করছিল। পরিকল্পনার অংশ হিসেবে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে ইউরোপীয় হীরা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে এবং বিলাসবহুল গাড়ি, পাঁচ তারকা হোটেল ও একজন তথাকথিত রত্ন বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছিল।
ঘটনার দিন তারা ধনী ক্রেতার আগ্রহ দেখানোর অভিনয় করে হীরাটি একটি ভাড়া করা ভিলায় নিয়ে যায় এবং পর্যবেক্ষণের সময় সুযোগ বুঝে চুরি করে পালায়। তবে হীরা ব্যবসায়ী দ্রুত ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানালে, দুবাই পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
আরও
খালিজ টাইমস জানায়, পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ক্রিমিনোলজি উন্নত নজরদারি ও ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সন্দেহভাজনদের শনাক্ত করে এবং তাদের পৃথক আস্তানায় অভিযান চালায়। এক জনের বাসা থেকে চুরি হওয়া হীরাটি একটি ছোট রেফ্রিজারেটরের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হীরাটি এশিয়ার একটি অজ্ঞাত দেশে পাচার করার পরিকল্পনা করেছিল। এই ঘটনায় দুবাই পুলিশের দ্রুত ও প্রযুক্তি-নির্ভর অভিযান দক্ষতার পরিচয় দিয়েছে।











