ইয়েমেনে গত এক যুগেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ইতিহাসে বন্দি মুক্তির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। সর্বশেষ সংঘাত বৃদ্ধির সময় আটক হওয়া প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে একতরফাভাবে মুক্তি দিয়েছে দেশটির সশস্ত্র হুথি বিদ্রোহীরা।
হুথিদের বন্দিবিষয়ক শীর্ষ কর্মকর্তা আবদুল-কাদির আল-মুর্তাজা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর থেকে এটিই বন্দি মুক্তির সবচেয়ে বড় একতরফা ঘটনা। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) হুথিদের এই বন্দি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে মুক্তি পাওয়া এই ৬০০ বন্দির বিস্তারিত পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।
দীর্ঘ এক যুগের এই গৃহযুদ্ধে ইয়েমেনের হাজার হাজার মানুষ দুই পক্ষের হাতে আটক রয়েছেন। বিশ্লেষকদের মতে, এমন বন্দি বিনিময় ও মুক্তির উদ্যোগ দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত নিরসন এবং মানবিক পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।










