খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক প্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইতালিপ্রবাসী ওই বাড়ির মালিকের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা।
প্রবাসীর স্বজন বাবুল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে নিশাত ঢালী নামের ওই প্রবাসী ১৩টি বসতঘর ও দুটি দোকানসহ বাড়িটি কিনেছিলেন। বসতঘরগুলো স্থানীয় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া ছিল এবং সামনের একটি দোকানে চলত খাবার হোটেল। সকালে হঠাৎ হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা পেছনের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও চোখের পলকে সব কটি ঘর ও ভেতরে থাকা আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।








