Opens in a new tab
সর্বশেষ

যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা

Image 350083Web Popup (3)

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবারের পর শনিবারও (১৪ নভেম্বর) রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন রাডার লক্ষ্য করে ৬টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ‘চূড়ান্ত ও কঠোর’ জবাবের দ্বিতীয় ধাপে এই অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সেই দাবি পুরোপুরি নাকচ করে জানিয়েছে, তাদের ছোড়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষতি হয়নি। তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের এমন হামলার দাবি গত সেপ্টেম্বরের পর এবারই প্রথম। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্কবার্তা জারি করেছে বাহরাইন।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স ও তাসনিমের বরাতে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উসকানি ও তেল চোরাচালানের জবাবে এই হামলাকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখছে তেহরান। বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং সেখানে জাহাজ চলাচলে নিরাপত্তা দেওয়ার মার্কিন প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের আরও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)