ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র আক্রমণ প্রতিহত করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি–সমর্থিত সরকারের কাছে অস্ত্রের চারটি কার্গো উড়োজাহাজ পাঠিয়েছে পাকিস্তান। এর মধ্য দিয়ে ইয়েমেন সংঘাতে ইসলামাবাদের সম্পৃক্ততা আরও বাড়ল। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের বন্দরনগরী এডেনে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, হালকা আর্টিলারি, ড্রোন ও ড্রোন প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি ইয়েমেনি বাহিনীকে সহায়তা করতে সৌদি কর্মকর্তাদের সঙ্গে মাঠে কাজ করছেন পাকিস্তানি সামরিক উপদেষ্টারাও।
এদিকে হুথিদের চলমান অগ্রগতির মুখে সৌদি আরব বড় পরিসরে একটি সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে একাধিক পশ্চিমা ও আরব কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’। সাম্প্রতিক আক্রমণাত্মক অভিযানের মাধ্যমে ইয়েমেনের লোহিত সাগরের পুরো উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ এখন হুথিদের হাতে। বিশেষ করে তাইজ শহরের আশপাশে সংঘাত তীব্র রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার তাইজ সংলগ্ন সরকারি নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে এডেনকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে দিয়েছে হুথিরা। ইয়েমেন সরকারের হাতছাড়া হয়ে তাইজ শহরটি হুথিদের দখলে চলে গেলে উত্তরের ভূখণ্ডের সঙ্গে এডেনের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা সরকারের রসদ সরবরাহের পথকে মারাত্মকভাবে ব্যাহত করবে।
তীব্র এই লড়াইয়ের মধ্যে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। হুথিদের দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের লক্ষ্য করে ৯৪টি বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। অন্যদিকে সৌদি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাজধানী সানায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এবং সাদায় ১১টি স্থানে সফল অভিযান চালিয়েছে। পাশাপাশি তাইজে একটি সমন্বিত সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে।
আরও
বিপরীতে হুথিরাও রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামো নিশানা করে হামলা অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার পবিত্র মদিনা নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার জন্য হুথিদের দায়ী করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী ‘তাইবা’ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে মদিনায় চালানো এই হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।









