মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর কুয়েত-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শনিবার (২৯ আগস্ট) থেকে এই রুটে জাতীয় পতাকাবাহী সংস্থাটির নিয়মিত উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। বিমানের ফ্লাইট চালুর পরপরই অন্যান্য এয়ারলাইনসগুলোও টিকিটের দাম কমাতে শুরু করায় ব্যাপক স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই রুটে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলেন প্রবাসীরা। বাধ্য হয়ে চড়া দামে অন্য সংস্থার ফ্লাইটে যাতায়াত করতে হচ্ছিল তাঁদের। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত আয়োজিত এক মতবিনিময় সভায় বিমানের কুয়েত কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ পুনরায় ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীদের সুবিধার্থে সবচেয়ে কম ভাড়ায় যাতায়াতের সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে রেমিট্যান্স ও দেশের রিজার্ভ বাড়াতে প্রবাসীদের দেশীয় বিমানে ভ্রমণের আহ্বান জানান তিনি।
বিমানের ফ্লাইট চালুর প্রভাবে এরই মধ্যে কুয়েত এয়ারওয়েজ, জাজিরাসহ অন্যান্য সংস্থাগুলো তাদের ভাড়া কমিয়ে দিয়েছে। প্রবাসী যাত্রীরা বলছেন, বিমানের ভাড়া তুলনামূলক কম এবং ব্যাগেজ সুবিধাও বেশ ভালো। তবে যাত্রীদের এই আস্থা ধরে রাখতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে এখন ফ্লাইটের সময়সূচি বা শিডিউল ঠিক রাখা সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছেন তাঁরা।











