ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে বিশ্বজুড়ে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি দখল করে নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চিফ অব স্টাফের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন।
সাক্ষাৎকারে জেনারেল নাকদি বলেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার যুক্তরাষ্ট্রের জন্য একটি মারাত্মক ভুল হিসেবে প্রমাণিত হতে পারে। তারা বোমা ব্যবহারের পরের দিন সকালেই বিশ্বজুড়ে আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটি দখল করে নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের মানুষ এখন জেগে উঠেছে। কেউই নতুন করে এমন অপরাধ সংঘটিত হতে দেবে না, কারণ পরেরবার তারা নিজেরাই এর শিকার হতে পারে। তবে মার্কিন ঘাঁটিগুলো ইরানের সামরিক বাহিনী একাই দখল করবে, নাকি অন্য কোনো মিত্র শক্তির সহায়তায় এই পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাকদি বলেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করে বিশ্বের কোটি কোটি মানুষের যে হৃদয় ইরান জয় করেছে, সেটিই তাদের আসল পারমাণবিক বোমা। তাই নতুন করে কোনো পারমাণবিক বোমার প্রয়োজন তাদের নেই। আইআরজিসির এই জ্যেষ্ঠ কর্মকর্তা এর আগে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বাসিজ ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।











