অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। টারম্যাক এলাকায় ঘটা এই ঘটনায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও উড়োজাহাজের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, আজ সিডনি বিমানবন্দরের টারম্যাক এলাকায় জেটস্টার এয়ারলাইনসের একটি ‘এ৩২০’ এবং কাতার এয়ারওয়েজের একটি ‘বোয়িং ৭৭৭’ উড়োজাহাজের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিয়ন্ত্রক সংস্থাটির তথ্যমতে, জেটস্টারের উড়োজাহাজটি কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্টের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটিকে খুব কাছে চলে আসতে দেখেন ফ্লাইট ক্রুরা। ওই সময় একটি এয়ারক্রাফট টাগ দিয়ে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটিকে টেনে নেওয়া হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে উভয় উড়োজাহাজকে আকস্মিকভাবে থামানো হয়।
আকস্মিক ব্রেক করার কারণে জেটস্টারের একজন কেবিন ক্রু আহত হয়েছেন বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটির সামনের চাকা এবং টেনে নেওয়া টাগবোটের মধ্যকার সংযোগস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস জানিয়েছে, তারাও নিজস্ব পরিসরে ঘটনাটির তদন্ত করছে। এক বিবৃতিতে জেটস্টারের এক মুখপাত্র জানান, তাঁদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সব নির্দেশনা মেনেই এগোচ্ছিল। তবে অন্য একটি উড়োজাহাজ খুব কাছাকাছি চলে আসায় পাইলটরা বাধ্য হয়ে জোরে ব্রেক করেন। এ বিষয়ে মন্তব্যের জন্য কাতার এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।











