Long Popup (2)
সর্বশেষ

বিমানবন্দরে নারীর ব্যাগে মিলল মার্কিন গৃহযুদ্ধের কামানের গোলা

Cannonballs 6a72c66925539ProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের গালফ শোরস আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর ব্যাগ থেকে দেশটির গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) সময়কার চুরি হওয়া পাঁচটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এই অভাবনীয় ঘটনার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৮ জুলাই বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশির সময় এক্স-রে স্ক্যানারে একটি সন্দেহজনক বস্তুর উপস্থিতি লক্ষ করেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক কর্মকর্তা। এরপর ওই নারী যাত্রীর ব্যাগ খুলে তল্লাশি চালানো হলে সেখান থেকে ছোট আকারের পাঁচটি কামানের গোলা উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে নিরাপত্তাকর্মীরা।

টিএসএর কর্মকর্তা জাস্টিন ডুপ্রে এই ঘটনা সম্পর্কে জানান, বিমানবন্দরে এর আগে যাত্রীদের কাছ থেকে নিষ্ক্রিয় হ্যান্ড গ্রেনেড বা প্রশিক্ষণে ব্যবহৃত সাধারণ গোলাবারুদ উদ্ধারের ঘটনা ঘটলেও, ঐতিহাসিক ও চুরি হওয়া সামরিক সামগ্রী উদ্ধারের অভিজ্ঞতা তাঁর জন্য এটাই প্রথম। উদ্ধার হওয়া কামানের গোলাগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল এবং সেগুলোতে কোনো ধরনের বিস্ফোরক ছিল না। তা সত্ত্বেও এগুলো সামরিক গোলাবারুদ হিসেবে বিবেচিত হওয়ায় বিমানে বহনের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

পরবর্তী সময়ে পুলিশের বিস্তারিত তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশ ও কর্মকর্তারা নিশ্চিত করেন, এই গোলাগুলো আমেরিকার ঐতিহাসিক গৃহযুদ্ধের সময়কার নিদর্শন। এক কিশোর ফোর্ট মরগানের ঐতিহাসিক সংরক্ষণাগার থেকে গোলাগুলো চুরি করে এনে গোপনে তার দাদির ব্যাগে রেখে দিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় ওই নারী পুলিশকে জানিয়েছেন, তাঁর ব্যাগে যে ঐতিহাসিক ও চুরি হওয়া কামানের গোলা রয়েছে, সে বিষয়ে তাঁর বিন্দুমাত্র ধারণাও ছিল না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate