সর্বশেষ

বিদ্যুতের খুঁটির আগায় ভালুক!

ImageWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর গ্রামীণ এক সড়কে বিদ্যুতের খুঁটিতে আটকে এক কালো ভালুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্ল্যাডস্টোন নামের লোকালয়ের কাছে খুঁটির একেবারে ওপরে আড়াআড়ি শুয়ে থাকা প্রাণীটিকে প্রথমে মৃত ভাবা হলেও পরে সেটি নড়ে ওঠে। এরপরই সেখানে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষ। আর এই মানুষের ভিড়ই শেষ পর্যন্ত প্রাণীটির জন্য কাল হয়ে দাঁড়ায়। উদ্ধারকারীরা কোনো নিরাপদ ব্যবস্থা নেওয়ার আগেই সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রাণ হারায় ভালুকটি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার দিন ওই সড়কে চলাচলকারী মানুষ কৌতূহলবশত গাড়ির গতি কমিয়ে দেন এবং অনেকেই মুঠোফোনে দৃশ্যটি ধারণ করতে শুরু করেন। এ সময় ভালুকটি খুঁটির একেবারে ওপরের অংশে সচল বৈদ্যুতিক তারের ঠিক মাঝখানে আটকে ছিল। খবর পেয়ে বন্য প্রাণী কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাঁরা চরম বিপাকে পড়েন। এত উঁচুতে থাকা অবস্থায় প্রাণীটিকে চেতনানাশক দিয়ে নিচে নামানো কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ অজ্ঞান অবস্থায় নিচে পড়লে তার বাঁচার কোনো সুযোগই থাকত না। এ ছাড়া নিচে থাকা মানুষ বা গাড়ির ওপর পড়ার ঝুঁকির পাশাপাশি সচল বিদ্যুতের লাইন থাকায় উদ্ধারকারীদের কাছে যাওয়াটাও ছিল অত্যন্ত বিপজ্জনক।

পরিস্থিতি সামাল দিতে এবং প্রাণীটিকে স্বাভাবিকভাবে নিচে নেমে আসার সুযোগ করে দিতে কর্মকর্তারা উপস্থিত জনতাকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেন। তাঁদের আশা ছিল, মানুষের কোলাহল কমলে ভয় কেটে গিয়ে ভালুকটি হয়তো নিজ থেকেই নেমে আসবে। কিন্তু মানুষের ভিড় ও ভিড়ের কোলাহল না কমায় প্রাণীটি আতঙ্কে সেখানেই বসে থাকে। শেষ পর্যন্ত কোনো ধরনের সাহায্য পৌঁছানোর আগেই বৈদ্যুতিক তারের মারাত্মক শকে ঘটনাস্থলেই মৃত্যু হয় অসহায় প্রাণীটির।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup