যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে বড় ধরনের সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্ন ঘটানোর জবাবে ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। গত রোববার হামলা শুরুর ব্যাপক গুঞ্জন থাকলেও শেষ মুহূর্তে ট্রাম্প সেই পরিকল্পনা স্থগিত করেন। তবে হামলার পরিকল্পনা পুরোপুরি বাতিল করা হয়নি বলে জানা গেছে।
এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই সৌদি যুবরাজ সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত না করে বরং উত্তেজনা কমানোর জন্য ট্রাম্পের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মোহাম্মদ বিন সালমান। এক মার্কিন কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এই পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছে রিয়াদ।
আরও
এদিকে ইরান আগেই সতর্ক করে বলেছে, তাদের ভূখণ্ডে নতুন করে কোনো হামলা হলে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। সার্বিক এ বিষয়ে হোয়াইট হাউস এবং ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মন্তব্য জানতে চেয়েও কোনো সাড়া পায়নি অ্যাক্সিওস।









