মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়ে নিরাপদ এলাকার বাইরে প্রবেশ করায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিস্ফোরণের সময় জাহাজটির রাডার ব্যবস্থাও বন্ধ ছিল বলে জানা গেছে।
ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, পূর্বে বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও ওই ট্যাংকারটি ইরান নির্ধারিত নিরাপদ করিডোর অনুসরণ করেনি। নির্ধারিত পথ থেকে সরে গিয়ে এটি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করার পরই একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারটির নাম বা সেটি কোন দেশের পতাকাবাহী, তা প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে একাধিকবার হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত নৌপথ মেনে চলার কঠোর আহ্বান জানিয়েছিল ইরান। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছিল, নির্ধারিত পথ অমান্যকারী যেকোনো জাহাজকে এর অনাকাঙ্ক্ষিত পরিণতি ভোগ করতে হতে পারে। সম্প্রতি এই কৌশলগত জলপথে বিদেশি নৌবহরের তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইরানের অভিযোগ, কিছু বিদেশি জাহাজ আন্তর্জাতিক ও স্থানীয় নৌ চলাচল বিধি অব্যাহতভাবে লঙ্ঘন করে চলেছে।
আরও
এমন প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম অধিকার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিজেদের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে ইরান। তবে সর্বশেষ এই ট্যাংকারটিতে ঠিক কী কারণে মাইন বিস্ফোরণ ঘটেছে এবং এর নেপথ্যে কাদের প্রত্যক্ষ দায় রয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত স্বাধীন বা আন্তর্জাতিক কোনো সূত্রের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।








