Opens in a new tab
সর্বশেষ

তৃতীয় দফায় ইরানে রাতভর হামলা চালালো যুক্তরাষ্ট্র

SsWeb Popup (3)

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পর ইরানে আবারও রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিয়েছেন। তবে তেহরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, অননুমোদিত পথে চলাচলকারী একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন এই আগ্রাসনের ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার শিকার জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘এম/ভি জিএফএস গ্যালাক্সি’। ইরানি হামলায় জাহাজটির ইঞ্জিনরুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

আইআরজিসি জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ থাকবে। অন্যদিকে ইরানের দাবি, বেশ কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা পুরোপুরি উপেক্ষা করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই নতুন সংঘাত উপসাগরীয় অঞ্চলকে চরম অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ তীব্র হচ্ছে। আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে এই উদ্ভূত পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল হয়ে উঠেছে।

সেন্টকম নিশ্চিত করেছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর, শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা ইরানে এই বিমান হামলা শুরু করে। এর আগে ইরান তাদের বিবৃতিতে বলেছিল, কনটেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে। সেন্টকম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই বিমান হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup