সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

HgffWeb Popup (3)

ভেনেজুয়েলায় প্রলয়ংকরী ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিন বছরের এক শিশুকে। ক্লেইবার মোরান নামের ওই শিশুর অলৌকিকভাবে বেঁচে ফেরার ঘটনাকে চরম দুর্যোগের মধ্যে ‘আশার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জর্ডানের একটি উদ্ধারকারী দলের তৎপরতায় লা গুয়াইরা অঙ্গরাজ্যের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত বের করে আনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটিকে বের করে আনছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, চরম দুর্যোগ ও হতাশার মধ্যে এই সফল উদ্ধার অভিযান সবার জন্য আশার এক ঝলক হয়ে এসেছে। জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে, উদ্ধারের পরপরই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, রাজধানী কারাকাসে ওই শিশুর চিকিৎসাসেবা চলছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকেই ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। সেই হিসেবে ছয় দিন পর শিশুটির জীবিত উদ্ধার হওয়া অত্যন্ত বিরল ও অলৌকিক এক ঘটনা।

এদিকে গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৯৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটভিত্তিক প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে থাকতে পারে।

বিপুল ধ্বংসযজ্ঞের পাশাপাশি সেখানে এখন তীব্র খাদ্য ও আশ্রয়সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সতর্ক করে বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় লাখো মানুষ জরুরি খাদ্য ও আশ্রয়ের সংকটে দিন পার করছেন। বিশেষ করে লা গুয়াইরায় এই সংকট চরম আকার ধারণ করেছে। মৌলিক সেবা ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ বিতরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বাড়াচ্ছে। ড্যানিয়েলা আরমাস নামের ১৮ বছর বয়সী এক আহত তরুণী বার্তা সংস্থা এএফপিকে বলেন, যে সামান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। অনেক সময় খাবারের জন্য মানুষ নিজেদের মধ্যে মারামারিতেও জড়িয়ে পড়ছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, আগামী ছয় মাসে ক্ষতিগ্রস্ত অন্তত ৩০ হাজার মানুষের জন্য জরুরি ত্রাণ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে প্রায় দেড় কোটি ডলার সহায়তা প্রয়োজন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলার স্বাস্থ্যব্যবস্থা বর্তমানে চরম চাপের মুখে। টিকাদানের হার কম থাকায় সেখানে হামসহ প্রতিরোধযোগ্য বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে; তবে শিশু ক্লেইবার মোরানের এমন অলৌকিক বেঁচে ফেরা দুর্গত মানুষের মনে নতুন করে বেঁচে থাকার আশার সঞ্চার করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup