মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি ক্রমাগত বাড়তে থাকায় বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার জেরে বিশ্বের বড় বড় এয়ারলাইনস ওই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত বা সীমিত করছে। এমনকি যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী অনেক আন্তর্জাতিক ফ্লাইট এখন মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি এড়িয়ে চলছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিরাজমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের নির্ধারিত রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হয়েছে দুবাই, বাগদাদ, এরবিল, তেল আবিব, বৈরুত, দোহা, রিয়াদ ও আবুধাবিগামী অসংখ্য ফ্লাইট। আকাশপথে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ঝুঁকি এড়াতেই মূলত এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সংস্থাগুলো।
ফ্লাইট বাতিলের এই তালিকায় এরই মধ্যে যুক্ত হয়েছে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় একাধিক এয়ারলাইনস। গ্রিসের এজিয়ান এয়ারলাইনস আগামী আগস্টের শেষভাগ পর্যন্ত দুবাইমুখী সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি ইরাকের বাগদাদ ও এরবিল রুটেও জুলাই পর্যন্ত তাদের বিমান চলাচল বন্ধ থাকছে। অন্যদিকে, তুরস্কের পেগাসাস এয়ারলাইনসও ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইটের ওপর স্থগিতাদেশ দিয়েছে।
আরও
ইউরোপ ও এশিয়ার অন্যান্য বড় বিমান সংস্থাগুলোও সুরক্ষার প্রশ্নে একই পথে হাঁটছে। জার্মানির লুফথানসা গ্রুপ বাগদাদ, তেহরান, বৈরুত, দুবাই ও রিয়াদের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে ফ্লাইট বন্ধের সময়সীমা আরও বাড়িয়েছে। এছাড়া এয়ার ফ্রান্স, কেএলএম, জাপান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজ এবং এয়ার কানাডার মতো প্রথম সারির সংস্থাগুলোও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট বাতিল বা সীমিত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
খাত সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, চলমান এই সামরিক উত্তেজনা এবং আকাশপথের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া গভীর উদ্বেগের কারণেই আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো এমন কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। এর ফলে একদিকে যেমন মধ্যপ্রাচ্যগামী সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, অন্যদিকে পুরো আন্তর্জাতিক এভিয়েশন খাত বড় ধরনের ব্যবসায়িক ও পরিচালনাগত সংকটের মুখে পড়েছে।





![]jh](https://probashtime.net/wp-content/uploads/2026/05/jh.webp)





