আসন্ন ১৪৪৮ হিজরি সালের ওমরাহ মৌসুমের জন্য নতুন ক্যালেন্ডার ও গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশ শুরু হবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, নতুন ওমরাহ ক্যালেন্ডার অনুযায়ী ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি, অর্থাৎ ইংরেজি ৩১ মে থেকে নতুন ওমরাহ ভিসা ইস্যু এবং যাত্রীদের সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর ঠিক পরদিন ১ জুন (১৫ জিলহজ) থেকে জনপ্রিয় ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ এবং ওমরাহ পালনের আনুষ্ঠানিক অনুমতিপত্র বা পারমিট দেওয়ার প্রক্রিয়া পুনরায় শুরু হবে। এদিকে গত শনিবার (১৬ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, রোববার সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
নতুন বছরের এই ওমরাহ ক্যালেন্ডারে ভিসা ইস্যু ও সৌদিতে অবস্থানের চূড়ান্ত সময়সীমাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ওমরাহ ভিসা ইস্যু করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ শাওয়াল ১৪৪৮ হিজরি (৯ মার্চ ২০২৭)। ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৫ শাওয়াল (২৩ মার্চ ২০২৭) এবং ওমরাহ শেষে সৌদি আরব ত্যাগের সর্বশেষ সময়সীমা ৩০ শাওয়াল (৭ এপ্রিল ২০২৭) নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আরও
এর আগে আসন্ন ওমরাহ কার্যক্রমের আগাম প্রস্তুতি হিসেবে গত ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য বিভিন্ন পরিষেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে চূড়ান্ত ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন হয়। পাশাপাশি ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য–সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক পরিষেবার ইলেকট্রনিক কার্যক্রম চালু করা হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।









