সর্বশেষ

থমকে গেল ইসলামাবাদ শান্তি আলোচনা, কারণ জানাল ইরান

GfdsaProbashir city Popup 19 03

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যকার সরাসরি বৈঠক কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত ও অবাস্তব’ দাবির কারণেই দীর্ঘ ২১ ঘণ্টার এই আলোচনা থমকে গেছে বলে দাবি করেছে ইরান। কাঙ্ক্ষিত চুক্তি না হওয়ায় এরই মধ্যে পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

আজ রোববার ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা ২১ ঘণ্টাব্যাপী আলোচনা ও পরামর্শের পরও দুই পক্ষ কোনো অভিন্ন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ইরানি সূত্রের দাবি, সামরিক অভিযানে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন আলোচনার টেবিলে নিজেদের কিছু উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনের চেষ্টা করছে। এর মধ্যে অন্যতম হলো কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া এবং ইরান থেকে পারমাণবিক উপাদান সরিয়ে ফেলা। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আলি বাকেরির সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল দেশের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষার প্রশ্নে নিজেদের অবস্থানে অটল ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতার পথ তৈরির চেষ্টা করলেও মার্কিন পক্ষের অবাস্তব দাবি তাদের সেই উদ্যোগ থেকে দূরে সরিয়ে দেয়। তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, তারা ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে দীর্ঘমেয়াদি ও স্পষ্ট প্রতিশ্রুতি চায়।

অন্যদিকে এই আলোচনার পর ইরানের পরমাণু ইস্যুতে বেশ কঠোর বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার রোববারের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কোনো শর্তের কথা উল্লেখ না করলেও ভ্যান্স জানিয়েছেন, ইরানের কাছ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি স্পষ্ট ও ইতিবাচক অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, তাঁদের মূল দাবি হলো, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে এবং দ্রুত এই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথেও না এগোয়।

জেডি ভ্যান্স আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্যই হচ্ছে পারমাণবিক অস্ত্র না তৈরির এই নিশ্চয়তা অর্জন করা এবং সেই উদ্দেশ্যেই তাঁরা এই আলোচনায় অংশ নিয়েছিলেন। তাঁর দাবি, ইরানের আগের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এখন মূল প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরান সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা দেখাবে কি না।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03