সর্বশেষ

ট্রাম্পকে পাগল বললেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার সাবেক প্রধান

9 20260405ProbashircityWebPopupUpdate

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চরম উন্মাদ’ আখ্যা দিয়ে তাঁর তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান ও শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ এলবারাদেই। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি উপসাগরীয় দেশগুলোর প্রতি এক জরুরি আহ্বান জানিয়েছেন।

মোহাম্মদ এলবারাদেই বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যেন পুরো মধ্যপ্রাচ্যকে একটি ‘জ্বলন্ত আগুনের গোলায়’ পরিণত করতে না পারেন, সে জন্য উপসাগরীয় দেশগুলোকে নিজেদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে হবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আইএইএর এই সাবেক মহাপরিচালক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘উপসাগরীয় সরকারগুলোর প্রতি আমার আকুল আবেদন—এই উন্মাদ ব্যক্তি পুরো অঞ্চলকে চিরস্থায়ী আগুনের গোলায় পরিণত করার আগে আপনারা অবিলম্বে নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় সবকিছু করুন।

এক্সে দেওয়া পৃথক আরেকটি পোস্টে নোবেলজয়ী এই কূটনীতিবিদ ট্রাম্পের আলটিমেটামের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে সরাসরি ট্যাগ করে অসহায়ত্বের সুরে লেখেন, ‘বিশ্বের এই চলমান চরম উন্মাদনা থামানোর জন্য আসলেই কি কিছু করার নেই?’ বিশ্বশান্তি বজায় রাখার তাগিদে ওই পোস্টে তিনি চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কেও যুক্ত করেন।

এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে অবশ্যই একটি আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছাতে হবে অথবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের জন্য খুলে দিতে হবে। নিজস্ব যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ তিনি লিখেছিলেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তিতে আসতে বা হরমুজ প্রণালি খুলে দিতে ১০ দিনের সময় দিয়েছিলাম। এখন সময় দ্রুত ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এরপর দেশটিতে পুরো নরক নেমে আসবে।’

উল্লেখ্য, ৮৩ বছর বয়সী প্রবীণ কূটনীতিবিদ মোহাম্মদ এলবারাদেই একসময় মিসরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইএইএর নেতৃত্ব দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বব্যাপী তুমুল বিতর্কের সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি এবং তাঁর সংস্থা যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate