সর্বশেষ

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বললেন ট্রাম্প

Trump tells Venezuelan president to leave power and fleeProbashircityWebPopupUpdate

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ত্যাগ করে যে কোনো দেশে নির্বাসনে যাওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এমন আহ্বান জানান ট্রাম্প। তবে মাদুরো এ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড।

রোববার এক মন্তব্যে ট্রাম্প জানান, মাদুরোর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। তবে সে আলাপ ‘ভালো না খারাপ’—এ বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি। ধারণা করা হচ্ছে, ২১ নভেম্বর তাদের মধ্যে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে আলাপের বিবরণ প্রকাশ করা হয়নি।

মিয়ামি হেরাল্ড-এর একাধিক সূত্র জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প মাদুরোকে বলেন—নিজে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাকে দেশ ছাড়তেই হবে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, “আপনি এখনও আপনার স্ত্রী ও সন্তানদের রক্ষা করতে পারেন, কিন্তু এজন্য এখনই পদত্যাগ করতে হবে।” তবে মাদুরো ক্ষমতা ছাড়ার আহ্বান প্রত্যাখ্যান করে জানান, তিনি রাজনৈতিক ক্ষমতা থেকে সরে গেলেও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রাখতে চান।

উল্লেখ্য, প্রথম ফোনালাপের ব্যবস্থা করে ব্রাজিল, কাতার এবং তুরস্ক। তবে পরবর্তীতে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করলে মাদুরো আবার যোগাযোগের চেষ্টা করলেও ট্রাম্প সাড়া দেননি। গত সোমবার সমর্থকদের উদ্দেশে ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলা কখনোই ‘ক্রীতদাসের শান্তি’ মেনে নেবে না।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প সরাসরি মাদুরোকে পদত্যাগের প্রস্তাব দিলেও তাকে সরাতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক অভিযান চালাবে—এমন সম্ভাবনা আপাতত কম।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate