বহুগামী সম্পর্কের কারণে আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ব্রাজিলিয়ান মডেল আর্থার ও উরসো আবারও বিতর্কের কেন্দ্রে। ২০২১ সালে সাও পাওলোর একটি চার্চে একসঙ্গে ৯ তরুণীকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যতিক্রমী সংসারে দেখা দিয়েছে ভাঙন। প্রথম স্ত্রী বাড়ি ছাড়ার পর সম্প্রতি আরও চারজন সম্পর্ক ত্যাগ করেছেন। বর্তমানে তার সঙ্গে রয়েছেন মাত্র চার স্ত্রী।
আর্থার জানান, বহুগামী সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জটিল। প্রতিটি স্ত্রীর সঙ্গে সময় বণ্টন থেকে শুরু করে দৈনন্দিন আচরণ—সবকিছু নিয়েই সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব। তবে তিনি দাবি করেন, মতপার্থক্য থাকলেও তিনি সব সময় স্ত্রীর ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করে পারস্পরিক আলোচনা করেই সিদ্ধান্ত নেন।
স্ত্রীদের সমান গুরুত্ব ও সময় দিতে তিনি যৌনজীবনের জন্য আলাদা রুটিন তৈরি করেছিলেন বলেও স্বীকার করেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, চারজন স্ত্রীকে একইসঙ্গে সন্তুষ্ট রাখা মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বছরজুড়ে শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে বছরের বাকি সময় ব্রহ্মচর্য পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন ৩৬ বছর বয়সী এই মডেল।
আরও
এছাড়া নতুন কোনো নারীর প্রতি আকর্ষণ অনুভব করলে তা নিয়ন্ত্রণে রাখতে তিনি এক ধরনের বিশেষ ‘রিচুয়াল বাথ’ বা আচারগত গোসল করেন। এতে থাকে চালের গুঁড়ো মিশ্রিত পানি, লাল–সাদা–হলুদ গোলাপের পাপড়ি এবং এক টেবিল চামচ মধু। এই মিশ্রণ ঘাড়ে মেখে গোসল করাকে তিনি মনে করেন সংসারের শান্তি ও মানসিক স্থিতি ফিরিয়ে আনার উপায়।
আর্থারের এই অদ্ভুত সিদ্ধান্ত ও বহুগামী সম্পর্ককে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা–সমালোচনা। অনেকেই তার ব্যক্তিগত জীবনধারা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে ‘ব্যক্তিগত পছন্দ’ হিসেবে দেখছেন।












