সৌদি আরবের সেনাবাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী সা’দা প্রদেশের রাজিহ জেলায় বেসামরিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এই তথ্য জানিয়েছে।
সা’দা প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানান, সৌদি বাহিনীর ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র রাজিহ সীমান্ত অঞ্চলের ঘনবসতিপূর্ণ গ্রামগুলোতে আঘাত হানে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়।
হামলার পরপরই ইয়েমেনি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছেন। তবে ক্ষেপণাস্ত্র হামলায় ঠিক কতজন হতাহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
আরও
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এসব এলাকায় বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রায়ই এসব অঞ্চলে সীমান্ত পার হয়ে গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটে, যার মূল ভুক্তভোগী সাধারণ মানুষ।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সীমান্ত এলাকায় ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।













