গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের বাইরে আলজাজিরার স্থাপিত সংবাদকর্মীদের অস্থায়ী টেন্টে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন চ্যানেলটির সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ। খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ নাকি হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে আলজাজিরা ও মানবাধিকার সংস্থাগুলো এই অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
হামলায় আরও প্রাণ হারিয়েছেন আলজাজিরার ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নৌফাল। ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, গাজায় চলমান ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। এর বিপরীতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন প্রাণ হারান এবং ২০০-র বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।
আরও
এই ঘটনাকে গাজার চলমান সংঘাতের মধ্যে সংবাদমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য এক বড় হুমকি হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।












