Long Popup (2)
সর্বশেষ

ইতালিতে বাংলাদেশি প্রবাসী হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

Main suspect arrested in murder of bangladeshi expatriate in italyProbashircityWebPopupUpdate

ইতালির রোম শহরের উপকণ্ঠ মারিনো দি আরদেয়া এলাকায় ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি নাহিদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃত যুবকের নাম মার্কো আদামো (১৮)।

স্থানীয় সময় শনিবার রাতে লাতিয়ায় অবস্থিত চিস্তেরনা এলাকার একটি বাড়ি থেকে ফ্রাসকোলি ক্যারাবিয়ান পুলিশের নেতৃত্বে তাকে আটক করা হয়। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ঘটনাস্থল থেকে পালাতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা পরে একটি বনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল।

Italy 20250528112949 700x390

গত মঙ্গলবার রাতে একটি ফুয়েল স্টেশনে কাজ করছিলেন নাহিদ মিয়া। এসময় আদামো একটি মোটরসাইকেলে করে এসে ক্যাশবক্সে থাকা অর্থ ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে সে নাহিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাহিদ নিজেই জরুরি সেবা নম্বরে ফোন করেন। তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পেলেও এক ঘণ্টার চেষ্টায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া গ্রামের বাসিন্দা নাহিদ মিয়া দীর্ঘ ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ইতালিতে পরিবারসহ থাকতেন। হত্যাকাণ্ডের পরপরই রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহায়তার আশ্বাস দেয়। দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ মিছিল ও র‍্যালির আয়োজন করেন। রোমে আয়োজিত র‍্যালিতে স্থানীয় ইতালীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন। সবাই দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate