একসময় রুপালি পর্দা দাপিয়ে বেড়ালেও বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তবে অতীতের সোনালি দিনগুলোর নানা স্মৃতি এখনো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে এমনই এক অজানা স্মৃতির কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে একটি চিঠি দিয়েছিলেন।

পূর্ণিমা জানান, ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ উপভোগ করার পর ওই চিঠি পাঠিয়েছিলেন তারেক রহমান। চিঠিতে তিনি শুধু পূর্ণিমাকেই নয়, বরং সিনেমার সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন। সেই সঙ্গে এ ধরনের মানসম্মত চলচ্চিত্র নিয়মিত নির্মাণের তাগিদ দিয়ে ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখারও প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তিনি। সে সময় তাঁর এমন উদারতায় সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই দারুণভাবে মুগ্ধ হয়েছিলেন।
আরও
ওই সময়ের স্মৃতিচারণা করে পূর্ণিমা আরও বলেন, তখন এখনকার মতো সামাজিক যোগাযোগমাধ্যমের এতটা প্রসার ছিল না। তাই চিঠির খবরটি ছড়িয়ে দিতে তাঁর মা পরিচিত সাংবাদিকদের সেটি দেখিয়েছিলেন। পূর্ণিমার এই আকর্ষণীয় আড্ডার পুরো পর্বটি আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।











