সর্বশেষ

সৌদি-আমিরাত থেকে আসছে ৭০ হাজার টন সার

70,000 tons of fertilizer coming from saudi arabia and the uaeProbashir city Popup 19 03

নিশ্চিত কৃষি উৎপাদনের লক্ষ্যে সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের মোট ব্যয় হবে ৪৮৪ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। আমদানিকৃত সারের মধ্যে থাকবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া ও ৪০ হাজার মেট্রিক টন ডিএপি (ডায়ামোনিয়াম ফসফেট) সার।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি পৃথক প্রস্তাব উপস্থাপন করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ বাবদ ব্যয় হবে ১৩৮ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মা আদেন থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এই চালানে সরকারের ব্যয় হবে ৩৪৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৭০৯ মার্কিন ডলার।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও মা আদেন-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এই ডিএপি সার সরবরাহ করা হবে। চলতি খরিফ ও আসন্ন রবি মৌসুমে সারের চাহিদা পূরণে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03