অস্ট্রেলিয়ার সিডনিতে মাঝ আকাশে দুই হালকা বিমানের সংঘর্ষে এক পাইলটের মৃত্যু হয়েছে। ভ্যান’স আরভি-৭ মডেলের চারটি বিমানের একটি ফরমেশন ফ্লাইটে অংশ নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি শনিবার সংঘটিত হলেও রবিবার এ বিষয়ে বিস্তারিত জানায় স্থানীয় গণমাধ্যম এবিসি নিউজ।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানায়, চারটি বিমানের দল থেকে একটি বিমান ফিরে আসার সময়ে অপর বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুটির একটি জরুরি অবতরণে সক্ষম হলেও অন্যটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই পাইলট মারা যান। অপর বিমানের পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের তথ্যমতে, বিধ্বস্ত বিমানটি নিকটস্থ ঝোপঝাড়ে পড়ে যায় এবং সেখানে নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওয়েডারবার্ন শাখার নিউ সাউথ ওয়েলস স্পোর্ট এয়ারক্রাফ্ট ক্লাবের সদস্য ছিলেন এবং সেদিনও নিয়মিত ফরমেশন ফ্লাইং অনুশীলন করছিলেন।
আরও
দুর্ঘটনার পর এটিএসবির চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ শুরু করেছে। আগামী কয়েক দিনে তারা দুর্ঘটনাস্থলের মানচিত্র প্রস্তুত, ধ্বংসাবশেষ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ যান্ত্রিক অংশ পরীক্ষা, এবং প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট পাইলটদের সাক্ষ্য সংগ্রহ করবে। পাশাপাশি বিমান ও পাইলটের রেকর্ড এবং আবহাওয়া তথ্যও মূল্যায়ন করা হবে।
এটিএসবি জানিয়েছে, দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।












