উত্তর আরব সাগরে বিপদে পড়া ‘গোল্ড অটাম’ নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি নাবিকসহ মোট ১৮ জনকে নিরাপদে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া এসব নাবিককে উন্নত চিকিৎসা ও নিজ দেশে ফেরত পাঠানোর সুবিধার্থে ইতিমধ্যে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। আজ শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন–এর প্রতিবেদনে বলা হয়েছে, মাঝসমুদ্রে হঠাৎ বিপদে পড়ে ‘গোল্ড অটাম’ জাহাজটি থেকে জরুরি সাহায্যের সংকেত পাঠানো হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তান নৌবাহিনীর একটি উদ্ধারকারী দল। এরপর জাহাজটি থেকে আটকে পড়া ১৮ জন নাবিককে সফলভাবে উদ্ধার করে তারা। তবে ঠিক কী কারণে জাহাজটি এমন জরুরি সাহায্যের আবেদন জানিয়েছিল, সে বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাঁদের করাচিতে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর আন্তর্জাতিক নিয়ম মেনে তাঁদের নিজ নিজ দেশে নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।










