পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গ জেলার স্পিজেন্ড এলাকায় জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কোয়েটাগামী এ ট্রেনে হামলার সময় নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ডন।
রেলওয়ে সূত্র জানায়, পেশাওয়ার থেকে ছেড়ে আসা ট্রেনটি বিস্ফোরণের কবলে পড়লে ছয়টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। এতে পাঁচজন যাত্রী গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের পর ট্রেনের বগিগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলীয় পুলিশ জানায়, ট্র্যাকের ওপর আগে থেকেই বিস্ফোরক পেতে রাখা হয়েছিল। ট্রেনটি কোয়েটার পথে পৌঁছালে তা বিস্ফোরিত হয়। এ সময় ট্রেনে প্রায় ২৭০ জন যাত্রী ছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
আরও
উল্লেখ্য, একই এলাকায় এটি ছিল ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে কোয়েটা রেলওয়ে স্টেশন থেকে পেশাওয়ারগামী ট্রেন ছাড়ার সময় মূল লাইনের কাছে একটি বিস্ফোরণ ঘটে। তবে সে ঘটনায় ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতের কাজ নিরাপত্তা পর্যালোচনা শেষে বুধবার থেকে শুরু হবে। এর আগ পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে।












