পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) দিয়ামার জেলায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পাইলট এবং তিনজন টেকনিশিয়ান রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দিয়ামার জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি একটি পাহাড়ি পর্যটন এলাকায় নতুন নির্মিত হেলিপ্যাডে পরীক্ষামূলক অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
আরও
সরকারি সূত্রে জানা গেছে, গিলগিট-বালতিস্তান সরকারের হেলিকপ্টারটি সকাল ১০টার দিকে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও কেউ জীবিত ছিলেন না।
এর কয়েক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যা ত্রাণ কার্যক্রম চালানোর সময় একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে একের পর এক প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে।
২০২২ সালে বেলুচিস্তান প্রদেশেও বন্যা ত্রাণ অভিযানের সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডারসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছিলেন। এসব ঘটনায় দেশটিতে সামরিক ও বেসামরিক হেলিকপ্টার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।












