সর্বশেষ

মালদ্বীপে নিখোঁজের ২ দিন পর মিললো প্রবাসী বাংলাদেশির মরদেহ

Body of Bangladeshi expatriate found 2 days after going missing in MaldivesProbashir city Popup 19 03

মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডে দুই দিন ধরে নিখোঁজ থাকার পর ২৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী আমিন মিয়ার মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) রাতে তিনি কর্মরত দ্বীপটির ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য আমিনের মরদেহ রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নে।

একই দ্বীপে কর্মরত আবু আহমেদ সেলিম মিয়া জানান, মালদ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা কর্পোরেশন লিমিটেড (ওয়েমকো) কোম্পানিতে কাজ করতে ছয় মাস আগে মালদ্বীপে যান আমিন। নিখোঁজ হওয়ার দিনও তিনি কাজে যোগ দেন। তবে কাজের একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর কোম্পানির কর্মকর্তারা বিষয়টি মালদ্বীপ পুলিশকে অবহিত করেন।

স্থানীয় গণমাধ্যম সান এমভি’র বরাতে জানা গেছে, দুই দিনের অনুসন্ধানের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ বুধবার রাতে ইন্ডাস্ট্রিয়াল দ্বীপটির ময়লার স্তূপের ভেতর থেকে আমিনের মরদেহ উদ্ধার করে। সহকর্মীদের ধারণা, কাজের সময় ময়লা স্থানান্তরে ব্যবহৃত এক্সক্যাভেটরের সঙ্গে দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

মালদ্বীপ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আমিনের মৃত্যু নিখোঁজের দিন, অর্থাৎ গত সোমবার হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন বলেন, প্রবাসী আমিন মিয়ার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মালদ্বীপ পুলিশের সঙ্গে হাইকমিশন নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03