মালয়েশিয়ায় কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট নিয়ে থাকা বিদেশি কর্মীদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। জানানো হয়েছে, যথাযথ অনুমতি ছাড়া কোনো প্রবাসী সেখানে ব্যবসা পরিচালনা বা ব্যবসার নিয়ন্ত্রণ নিতে পারবেন না। এই নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ওয়ার্ক পারমিট (পিএলকেএস) কিংবা সোশ্যাল ভিজিট পাস নিয়ে বিদেশিরা কোনোভাবেই ব্যবসা করতে পারবেন না। অনেক সময় স্থানীয় নাগরিকদের লাইসেন্স ব্যবহার করে বিদেশিরা অবৈধভাবে ব্যবসার সুযোগ নেন। এ ধরনের বেআইনি কাজ বন্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাহায্যে নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হচ্ছে।
আরও
অবৈধ এসব ব্যবসার সঙ্গে জড়িতদের পাশাপাশি এর পরিকল্পনাকারী, আসল মালিক ও সহযোগীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাই মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য এই সতর্কবার্তা অত্যন্ত জরুরি। সামান্য ভুলে বড় ধরনের আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকায়, সবাইকে ভিসার শর্ত ও অভিবাসন আইন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।










