রাজকীয় জাঁকজমক ও ঐতিহ্যবাহী রীতিনীতির মধ্য দিয়ে ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি ইলিয়ানা। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের বিলাসবহুল শাংরি-লা হোটেলে ইসলামি শরিয়াহ ও মালয় রাজপরিবারের নিজস্ব সংস্কৃতি মেনে এই বর্ণাঢ্য বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজকন্যা ইলিয়ানা হলেন পাহাংয়ের বর্তমান সুলতান ও মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা।

বিয়ের এই জমকালো আয়োজনে দেশি-বিদেশি বহু গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পাহাংয়ের সুলতান আবদুল্লাহ, ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ এবং পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল। এ ছাড়া আন্তর্জাতিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান। বিয়ের মূল আনুষ্ঠানিকতার আগে বর ক্রিস ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, বিয়ের উপহার হস্তান্তর এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মূল পর্ব শেষ হয়।
আরও
অনুষ্ঠানে মালয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল ‘মেরেনজিস’ প্রথা, যেখানে নবদম্পতির ওপর সুগন্ধি পানি ছিটিয়ে তাঁদের নতুন জীবনের জন্য আশীর্বাদ কামনা করা হয়। জীবনের এই বিশেষ দিনে রাজকন্যা ইলিয়ানার সাজসজ্জায় ছিল রাজকীয় আভিজাত্যের অনন্য ছোঁয়া। তিনি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা একটি দৃষ্টিনন্দন গাউন পরেন। সেই সঙ্গে তাঁর মাথায় শোভা পাচ্ছিল পাহাং রাজপরিবারের ঐতিহাসিক ও মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’, যা অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়ে।











