মালয়েশিয়ার সাবাহ প্রদেশের স্যান্দাকান উপকূলে অবস্থিত একটি ভাসমান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘কামপুং বাহাগিয়া’ নামের ওই গ্রামের এই আগুনে অন্তত এক হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে ঘটা এই আকস্মিক বিপর্যয়ের কারণে এক রাতেই বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গ্রামটির ৯ হাজারেরও বেশি বাসিন্দা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে।
মালয়েশীয় সংবাদমাধ্যম মালয় মেইলের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা ৩২ মিনিটের দিকে জরুরি সেবার হটলাইনে আগুনের খবর পায় কর্তৃপক্ষ। স্যান্দাকান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান জিমি লাগুং জানান, খবর পাওয়ার পরপরই দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে স্যান্দাকান জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান দাতুক ওয়াল্টার কেনসন ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া বাড়িঘরগুলো আর বসবাসের কোনো উপযোগী নেই।
এই ভয়াবহ অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। ইতিমধ্যে বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি মানবিক সহায়তা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করতে মালয়েশিয়ার ফেডারেল সরকার ও সাবাহ অঙ্গরাজ্য সরকার যৌথভাবে কাজ শুরু করেছে।
আরও
এত বিশাল একটি ভাসমান গ্রামে ঠিক কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে এরই মধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।










