সর্বশেষ

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ অভিবাসী আটক

77 migrants, including 26 Bangladeshis, detained in MalaysiaProbashir city Popup 19 03

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) নেগেরি সেম্বিলান রাজ্যের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত একযোগে অভিযান চালানো হয়। এ সময় মোট ৩৯৫ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে ১৯ থেকে ৪৭ বছর বয়সী ৭৭ জনকে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

নেগেরি সেম্বিলানের ইমিগ্রেশন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ২৬ জন, ভারতীয় ২৬ জন, পাকিস্তানি ১০ জন, থাইল্যান্ডের ছয়জন, ইন্দোনেশিয়ার চারজন এবং মিয়ানমারের পাঁচজন রয়েছেন। অভিযানের সময় নিলাই এলাকায় একটি সাবান উৎপাদন কারখানা থেকে সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

তিনি আরও জানান, জনসাধারণের অভিযোগ ও এক সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধ মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ ও অভিবাসন বিধিমালা ১৯৬৩-এর আওতায় বিচারযোগ্য।

আটক সবাইকে তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নেগেরি সেম্বিলানের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী দমনে সহযোগিতার জন্য সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03