মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) টার্মিনাল–১ এ আকস্মিক ভারী বৃষ্টিতে ছাদের একটি প্যানেল ভেঙে পড়ে ভেতরে পানি ঢুকে পড়ে। শুক্রবার ঘটে যাওয়া এই ঘটনাটি দ্রুতই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায়, কাতার এয়ারওয়েজের চেক-ইন কাউন্টারের পাশে ছাদ ফুঁড়ে ঝর্ণার মতো পানি নিচে নেমে আসছে, আর যাত্রীরা বিস্ময়ে দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছেন।
পানি ঢুকতে শুরু করতেই পরিচ্ছন্নতাকর্মীরা মপ ও স্ক্রাবার নিয়ে পানি সরাতে কাজে নেমে পড়েন। একই সঙ্গে নিরাপত্তাকর্মীরা দ্রুত এলাকা কর্ডন করে যাত্রীদের অন্য দিকে সরিয়ে নেন। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে টার্মিনালের ওই অংশে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে ছাদের অংশটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিকভাবে জরুরি দল পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, টার্মিনালের ছাদে চলমান মেরামত ও ওয়াটারপ্রুফিং কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ত্রুটির কারণেই ওই প্যানেলে ফাটল সৃষ্টি হয়েছিল। ভারী বৃষ্টিতে সেই দুর্বল অংশ ভেঙে গিয়ে ভেতরে পানি প্রবেশ করে।
আরও
▶️ ভারী বৃষ্টিপাতের ফলে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে পানি ঢুকে প্লাবিত হয়েছে। pic.twitter.com/wkLm1Vq8Ot
— Odhora jannat (@jannat_odhora) November 14, 2025
ঘটনার পর সামাজিক মাধ্যমগুলোতে অনেকেই হাস্যরসের ছলে এটিকে ‘চাঙ্গি জুয়েল ২’ বলে আখ্যা দেন, সিঙ্গাপুরের বিখ্যাত ইনডোর ওয়াটারফলের সঙ্গে তুলনা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনা তদন্তে একটি বিশেষ টিম কাজ করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে টার্মিনালের রক্ষণাবেক্ষণ আরও জোরদার করা হবে। সূত্র :এমএসএন।











