মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৬ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে ১৮ জন ইন্দোনেশীয়, তিনজন বাংলাদেশি এবং পাঁচজন নেপালি রয়েছেন। এই অভিযান শনিবার ভোরে উলু ক্লাংয়ের জালান পেরমাতা এলাকার একটি বাণিজ্যিক ভবনে চালানো হয়। অভিযানকালে মোট ৩৯ জন বিদেশি ও স্থানীয় নাগরিককে যাচাই করা হয়।
আটকদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ইন্দোনেশীয় নারী জানিয়েছেন, তিনি দেশে ফিরতে পারছেন না কারণ দেশে কাজ পাওয়া কঠিন এবং দেশে ফেরার জন্য পর্যাপ্ত অর্থও নেই। তিনি বলেন, কয়েক বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় এসে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন। মাসে প্রায় ১৪০০ রিঙ্গিত আয় হলেও তার অর্ধেকই দেশে পাঠাতে পারেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসফ বলেন, জনগণের অভিযোগের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানে ২৬ জনকে অবৈধ বসবাসের অভিযোগে আটক করা হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর প্রাসঙ্গিক ধারায় তাদের আটক করা হয়েছে।
আরও
মালয়েশিয়ায় হাজার হাজার নিম্নআয়ের বিদেশি শ্রমিক বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও দেশে ফেরার অর্থের অভাবে অবৈধভাবে বসবাস করছেন। অনেকে স্থানীয়দের কাছ থেকে কাজ পেয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।
খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, অবৈধভাবে বসবাসরত এসব অভিবাসী মানবিক ঝুঁকি, স্বাস্থ্য এবং নিরাপত্তা সমস্যা ভোগ করছেন। অনেকেই দেশে ফেরার ইচ্ছা রাখলেও হাতে পর্যাপ্ত অর্থ নেই। তাদের নিরাপদভাবে পুনর্বাসন বা দেশে ফেরানোর জন্য সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করা হচ্ছে।












