মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে ৩১ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। আটক ব্যক্তিদের মধ্যে একজন নিয়োগকর্তাও রয়েছেন। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়। তবে তাদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
সারাওয়াক জেআইএম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, “অপ্স সাপু”, “অপ্স মাহির”, “অপ্স বেলাঞ্জা” এবং “অপ্স সেলেরা” নামের চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালে শহরের পাঁচটি স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে মোট ৩৯ জনের কাগজপত্র যাচাইয়ের পর ৩০ জন বিদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। এ ছাড়া এক নিয়োগকর্তাকেও হেফাজতে নেওয়া হয়েছে।
আরও
জেআইএম জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির শ্রমবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।












