মালয়েশিয়ার একটি বিক্রয় ও বিতরণ কোম্পানি তিন বাংলাদেশি কর্মীর প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, অভিযুক্তরা বিভিন্ন ক্রেডিট গ্রাহকের কাছ থেকে প্রায় ৭৫ হাজার রিঙ্গিত সংগ্রহ করে আত্মসাৎ করেছেন। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন।
অভিযুক্তরা হলেন—বাগেরহাটের মো. জুয়েল হাওলাদার, ঠাকুরগাঁওয়ের মো. মিজান এবং মুন্সিগঞ্জের নাহিদ সরকার। তাদের মধ্যে জুয়েল প্রায় ১৯ হাজার, মিজান ৩৬ হাজার এবং নাহিদ ২০ হাজার রিঙ্গিত আত্মসাৎ করেছেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নাহিদ আগস্টের শেষ সপ্তাহ থেকেই কর্মস্থলে অনুপস্থিত। তার বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অর্থ জালিয়াতির মামলা হয়েছে। অপর দুই কর্মী গত ৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ এবং তাদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও
অভিযুক্তদের এক সহকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, “এ ধরনের প্রতারণা শুধু কোম্পানির আর্থিক ক্ষতি করে না, বরং বাংলাদেশের শ্রমবাজার ও ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এতে মালয়েশিয়ার নিয়োগদাতারা আরও সতর্ক হয়ে যাচ্ছেন।”
এ বিষয়ে কোম্পানির স্থানীয় পরিচালক মোহাম্মদ নিজাম শাহ বিন দাউদ জানান, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনার তদন্ত চালাচ্ছেন এবং দ্রুত বিচার প্রত্যাশা করছেন। পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেলে স্থানীয় থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।












