মালয়েশিয়ার জোহর অভিবাসন বিভাগ (জাবাতান ইমিগ্রেসেন মালয়েশিয়া–জিম) বিশেষ অভিযান ‘অপ গেগার’ চালিয়ে ১৭ জন বিদেশিকে আটক করেছে। গতকাল রাতে নগরীর দুটি বিনোদনকেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।
জোহর অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক মোহদ রুস্তি মোহদ দারুস জানান, টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারি ও জনসাধারণের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে একজন স্থানীয় পুরুষকেও আটক করা হয়েছে, যিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতদের মধ্যে চার জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং নয়জন চীনা নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে। অভিবাসন কর্মকর্তাদের ধারণা, আটক বিদেশিরা উক্ত বিনোদনকেন্দ্রে গ্রাহক সেবা প্রদানকারী হিসেবে কাজ করছিলেন।
আরও
সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য সেটিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন ও ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার অধীনে তদন্ত চলছে।
এছাড়া পুরো অভিযানে আটটি সমনও জারি করা হয়েছে। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।












