মালয়েশিয়ার সুঙ্গাই বুলোহ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন সুঙ্গাই বুলোহ জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মোহাম্মদ হাফিজ মুহাম্মদ নর।
তিনি জানান, জালান পেরসিয়ারান বিআরপি-১ সড়কের একটি ট্র্যাফিক লাইট মোড়ে চারটি যানবাহনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি ব্যক্তিগত গাড়ি, একটি মোটরসাইকেল এবং নিহত বাংলাদেশির সাইকেল জড়িত ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ৪০ বছর বয়সী ওই বাংলাদেশি সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন। এরপর পরপর আরও একটি মোটরসাইকেল ও এমপিভি গাড়ি তাকে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও
নিহতের মরদেহ উদ্ধার করে সুঙ্গাই বুলোহ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৯৭৬ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সুঙ্গাই বুলোহ পুলিশ সদর দপ্তরের ট্রাফিক তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর চে হাসান অ্যামবক (০১৩-৩৯৪০৪২৩) অথবা আইপিডি অপারেশন রুমে (০৩-৬১৫৬১২২২) যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।












